ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৫০ বছর পূর্তি বরিশালে শ্রমিক সমাবেশ

বরিশাল অফিস

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার নগরীতে শ্রমিক সমাবেশ হয়েছে। জেলা কমিটির উদ্যোগে সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বরিশালের বেসিক শ্রমিক সংগঠনগুলোসহ প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরাও অংশগ্রহণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসি বরিশাল জেলা কমিটির সভাপতি এম এ জলিল। বক্তব্য রাখেন শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের মহানগর সাধারণ সম্পাদক আকতার রহমান সপ্রু, মহানগর দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মোল্লা, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাসেম, জে কে মুকুল, বস্তিবাসী ইউনিয়নের আহ্বায়ক নূর হোসেন হাওলাদার, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জোছনা বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে শ্রমিক শ্রেণির ১৫ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।

তারা বলেন, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, ঘুষ-দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, গণতন্ত্রহীনতা, শ্রমিক ছাঁটাই, নির্যাতন, খুন-ধর্ষণ-হয়রানির বিরুদ্ধে এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কাজের নিরাপত্তা ও বাঁচার মজুরি আদায়ের মৃত্যুঞ্জয়ী সংগ্রামী ঐতিহ্যের ৫০ বছর উপলক্ষ্যে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।