তরুণ উদ্ভাবক বুলবুলের সোলার মিনিবাস

তরীকুল হাসান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

এনামুল হাসান বুলবুল একজন তরুণ উদ্ভাবক। বুলবুল এবার তৈরি করলেন সোলার মিনিবাস। ১২ সিটের এ মিনিবাসটি দেখতে ভিড় করছেন অসংখ্য উত্সুক জনতা। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি সৌরবিদ্যুতের দ্বারা চালিত মিনিবাস। সোলার মোটরবাইক বানিয়ে ২০১৬ সালে ঢাকা বিভাগীয় বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবকের খ্যাতি অর্জন করেন তিনি। সম্প্রতি মাসখানেক সময় নিয়ে কয়েক জন শ্রমিক নিয়ে সোলার প্যানেলের সাহায্যে ১২ সিটের একটি মিনিবাস তৈরি করেছেন। যা একই উপজেলার তারাকান্দি এলাকার তোফায়েল আহমেদ বিল্লাল নামের এক ব্যক্তি সাড়ে ৪  লাখ টাকা দিয়ে কিনেছেন। গত ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সোলার মিনিবাসটি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার মিনিবাসটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

এনামুল হক বুলবুল বলেন, অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দীর্ঘ ১০ বছর প্রচেষ্টার পর সোলার দিয়ে বিভিন্ন যান তৈরি করেছি। যা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এতে খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকার মতো।  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আজিজ আকন্দ বলেন, বুলবুল একজন সফল যুব আত্মকর্মী। তার পাশে রয়েছে উপজেলা যুব উন্নয়ন অফিস। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান বলেন, সোলার দ্বারা নির্মিত এসব নতুন উদ্ভাবন দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। সেজন্য বুলবুলসহ তরুণ উদ্ভাবকদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।