সড়ক ঘেঁষে বাজার যান চলাচল ব্যাহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সীমানাবর্তী এলাকা চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে দোভাষী বাজার মূল স্থান ছেড়ে রাস্তায় বসার কারণে জনদুর্ভোগ হচ্ছে। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। সরেজমিনে দেখা গেছে, পণ্যের বেচাকেনার জন্য নির্দিষ্ট স্থানে শেডসহ অবকাঠামোগত ব্যবস্থা রয়েছে। পরিকল্পিত ও নিরাপদ বাজার ব্যবস্থাপনাও রয়েছে যথাস্থানে। ভাসমান এবং অস্থায়ী দোকানিরা পণ্য নিয়ে বাইরে রাস্তায় যত্রতত্র পসরা সাজিয়ে বসছে। মূল স্থান ছেড়ে প্রায় ২৫০ মিটার দূরে বাজার বসে লিচুবাগান এলাকায়।

বাজারের ক্রেতা ইদ্রিস মিয়া, আবু তাহের, নুরুল ইসলামসহ অনেকে বলেন, সড়কের ওপর বাজার সিন্ডিকেটের দখলে। কৃষক এবং খুচরা ব্যবসায়ীদের পণ্য বিক্রির সুযোগ নেই। এখানে তরিতরকারিসহ এলাকার উত্পাদিত কৃষিপণ্য এনে প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্য পান না। ক্রেতারাও সুবিধাবঞ্চিত হচ্ছেন। 

তরকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, প্রতিদিন মালামাল বিক্রি করতে ইজারাদার ছাড়াও  সিন্ডিকেটের দৌরাত্ম্য রয়েছে। দফায় দফায় কর দিয়ে সুবিধাজনক ব্যবসা হয় না।

দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জাহেদুল হক জানান, লিচুবাগানের দিকে বাজার চলে যাওয়ায় দোভাষী বাজারের ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। এতে মূলবাজারমুখি করা যাচ্ছে না ক্রেতাদের। এতে দোভাষী বাজারের স্থায়ী মার্কেটগুলোতে বাণিজ্যের মন্দাভাব দেখা দিচ্ছে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ফেরিঘাট  সড়কের ওপর বাজার বসায় যান চলাচল ও ক্রেতাদের কেনাকাটা উভয় ক্ষেত্রে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সড়কের ওপর বাজার বসা উচিত নয়। নতুন বছরের বাজার ইজারার টেন্ডার আহবানের সময়ও ঘনিয়ে আসছে। বাজার ইজারাদার এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাসহ সরেজমিনে তদন্ত করে যথাস্থানে বাজার বসানোর ব্যবস্থা নেওয়া হবে।