লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়াস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি খাস জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে উচ্ছেদ অভিযানে দেড় শতকের বেশি সরকারি খাস জায়গা উদ্ধার করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, সরকারি খাস জায়গায় বসানো ফিলিং স্টেশনের দুটি ডেলিভারি মেশিন উচ্ছেদ মামলার প্রেক্ষিতে উচ্ছেদ করা হয়। এছাড়া একটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয় বলে তিনি জানান।