ঝিনাইদহে নানা আয়োজনে বসন্ত উত্সব পালিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে বসন্ত উত্সব ও বিশ্ব ভালোবাসা দিবস পলিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজে ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উত্সব উদ্যাপন করা হয়। সকালে শহরের মডার্ন মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এইড নামে একটি সংগঠন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

একই সময় শহরের আদর্শপাড়ায় মনিংবেল চিলড্রেন একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় পিঠা উত্সব। এতে বিদ্যালয়ের অভিভাবকরা পিঠার স্টল প্রদর্শন করেন। এসব স্টলে মিলছে পাটিসাপটা, ভাপা, তালকুচি, পাখি পিঠা, নকশি পিঠা, ঝিনুক ও চন্দ্রপুলিসহ ৫০ ধরনের পিঠা। একই সঙ্গে চলে বসন্ত বরণের গান। বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।