অভিষেকের অপেক্ষায় আরো সংবর্ধনা

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে ফুলেল সংবর্ধনায় অভিষিক্ত হয়েছেন যুব বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার অভিষেক দাস অরণ্য। ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছেন নড়াইলবাসী। বৃহস্পতিবার যশোর বিমান বন্দরে এসে পৌঁছানোর পর তার বাবা অসিত দাস, মা অরুনা দাসসহ  পরিবারের লোকজন অভিষেককে মালা দিয়ে বরণ করেন। এলাকার লোকজন তার জন্য আরো একটা সংবর্ধনার পরিকল্পনা করছেন।

বিমানবন্দর থেকে খোলা জিপ গাড়িতে করে নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করেন। তাকে বরণ করতে নড়াইল শহর থেকে ১০ কিলোমিটার দূরে নড়াইল-যশোর সড়কের গাবতলা এলাকায় উপস্থিত হয় শতাধিক মোটর সাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে আত্মীয় স্বজন-বন্ধু-বান্ধবসহ অভিষেক প্রেমীরা। ঐ স্থান থেকে তাকে বরণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে দুপুর ৩টার দিকে নড়াইল শহরে প্রবেশ করে তার গাড়িবহর।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমপির বাড়িতে গিয়ে মাশরাফির মা হামিদা বেগম বলাকা ও বাবা গোলাম মুর্তজা স্বপনের সঙ্গে সাক্ষাত্ করেন তিনি। এসময় মাশরাফির মা-বাবা তাকে মিষ্টি খাইয়ে দেন এবং অভিষেকও তাদের মিষ্টি খাইয়ে দেন।

পরে শোভাযাত্রাটি অভিষেককে নিয়ে তার বাড়ি শহরের বাঁধাঘাট এলাকায় যায় এবং ঐ স্থানে স্থানীয় ভাবে সংবর্ধনা দেওয়া হয় তাকে। সংবর্ধনায় অভিষিক্ত অভিষেক বলেন, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। আমি যেন এর থেকে ভালো কিছু অর্জন করতে পারি। বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারি সে চেষ্টা আমি সব সময় করব।