স্পোর্টস ডেস্ক
এরিক আবিদালের সঙ্গে বিবাদের জেরে লিওনেল মেসির বার্সা ছাড়ার গুঞ্জনে বেশ কিছুদিন ধরেই মুখর ইউরোপীয় সংবাদমাধ্যম। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির অভিমত, বার্সেলোনাতে সুখীই আছেন বার্সা ও আর্জেন্টিনা অধিনায়ক।
এরিক আবিদাল গেল মাসে এক সাক্ষাত্কারে আর্নেস্তো ভালভার্দের পদচ্যুতির আগে ‘কিছু খেলোয়াড়’-এর পরিশ্রমে গাফিলতির অভিযোগ এনেছিলেন। বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপক পুরো ব্যাপারটা পরিষ্কার না করাতেই চটেছিলেন মেসি, ক্ষোভ ঝেড়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০২০-২১ মৌসুমের শেষে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এই তারকার বার্সা ছাড়া নিয়ে এরপর যারপরনাই গুঞ্জনই ভেসে বেরিয়েছে ইউরোপজুড়ে।
তবে আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি মোটেও এমনটা মনে করেন না। তিনি বলেন, ‘আমি তাকে ভালোই দেখছি। বেতিসের বিপক্ষে গোল না করলেও সেই মাঠের সেরা খেলোয়াড় ছিল। সে গোলে সহায়তা করেছিল এবং প্রত্যেকটা সুযোগে তার অন্তর্ভুক্তি ছিল। সে ভালোই আছে, স্বাচ্ছন্দ্যে আছে। তার ভবিষ্যত্ সেই নির্ধারণ করবে কিন্তু আমার মনে হচ্ছে সে স্বাচ্ছন্দ্যেই আছে।’
তিনি আরো যোগ করেন, শুধু বার্সেলোনাতেই নয়, আর্জেন্টিনাতেও সুখীই আছেন ছয়বারের বিশ্বসেরা এই খেলোয়াড়। স্ক্যালোনির ভাষ্য, ‘আমি মোটেও চিন্তিত নই। বার্সেলোনা ও আর্জেন্টিনাতে সে সুখেই আছে। তারপর যা হয় হবে। আমি এ থেকে দূরেই থাকতে চাই।’
মৌসুমের শেষেই আরো একবার অধরা আন্তর্জাতিক শিরোপার লক্ষ্যে মাঠে নামবেন মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ আর ২০১৬ কোপা আমেরিকায় তাকে ফিরতে হয়েছিল শিরোপার খুব কাছে থেকে। স্ক্যালোনি বলেন, ‘আমি মনে করি, গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে চেষ্টা করা। সেও জানে আমরা চেষ্টা করব এবং নায়ক হওয়ারই চেষ্টা করব।’
৪১ বছর বয়সি আর্জেন্টাইন কোচ জানালেন, কেবল মেসিই নয়, পুরো আর্জেন্টিনা দলই শিরোপাটা জিততে মুখিয়ে আছে। তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে কিছু জেতার জন্য মুখিয়ে আছে, এমন ব্যক্তি শুধু সে একাই নয়। আমরা সবাই জিততে চাই। কোচ, তার সতীর্থরাও। আমরা চেষ্টা করব এবং আশা করব এবার আমরা এটা জিততে পারব।’
কোপা আমেরিকা শিরোপার মিশনটা আগামী ১২ জুন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে আর্জেন্টিনা। ২০২০ কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে দলটির অন্য প্রতিপক্ষরা হচ্ছে উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া ও প্রথমবারের মতো অতিথি হিসেবে খেলতে আসা অস্ট্রেলিয়া।