নিউজিল্যান্ড-ভারত টেস্ট সিরিজ
স্পোর্টস ডেস্ক
ওয়ানডে সিরিজে বাজেভাবে হোয়াইটওয়াশ হওয়া ভারত এখন তাকিয়ে আছে টেস্ট সিরিজের দিকে। আর আসছে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ভারতের মূল শঙ্কার নাম হতে যাচ্ছে টপঅর্ডার। এমন অবস্থায় হনুমা বিহারি জানিয়ে দিলেন প্রয়োজনে তিনি ওপেনিং পজিশনে খেলতে প্রস্তুত। ভারত আপাতত নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত। হ্যামিল্টনের ম্যাচে ব্যর্থ হলেন তরুণ পুথ্বী শ ও শুভমান গিল। রানের খাতা খোলার আগে দুজনই ফিরলেন সাজঘরে। কথা বলল না ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট। শেষে চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারির ব্যাটে মান বাঁচল ভারতীয় ক্রিকেট দলের। চোটের কারণে খেলছেন না রোহিত শর্মা। তার পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনে পৃথ্বী শ ও শুভমান গিলের মধ্যে কাকে সুযোগ দেওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও হ্যামিল্টনে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুই ক্রিকেটারকেই খেলানো হলো। ওপেনে খেললেন পৃথ্বী শ। চার নম্বরে নামলেন শুভমান গিল। যদিও কেউ পারলেন না।
প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামাল দেন অভিজ্ঞ চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারী। ১৮২ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হনুমা। ২১১ বলে ৯৩ রান করে আউট হন পূজারা। আজিঙ্কা রাহানে ১৮ রান করে আউট হয়েছেন। দিনের শেষে অলআউট হওয়ার আগে ভারত করতে পেরেছে ২৬৩ রান।
বিহারির ব্যাট থেকে সেঞ্চুরি আসার পর এখন তার ওপেনিংয়ে টেস্টে ব্যাট করার সম্ভাবনা প্রবল। তিনি দিনের খেলা শেষে বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমি যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত। তবে এখন পর্যন্ত এই ব্যাপারে কেউ আমাকে কিছু জানায়নি। তবে এটা ঠিক যে দলের জন্য যে কোনো পজিশনে ব্যাট করতেই আমার কোনো সমস্যা নেই।’ ম্যাচে পূজারার সঙ্গে ১৯৫ রানের জুটি গড়েন বিহারি। বিহারি ও পূজারা বাদে আর কোনো ব্যাটসম্যানই ২০-এর অঙ্ক পার করতে পারেনি। বিহারি বলেন,‘শুরুর দিকে উইকেটে বাড়তি কিছু বাউন্স ছিল। সেটা আমাদের সবাইকেই চমকে দেয়। আমি কদিন আগেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এখানে অনেকগুলো ম্যাচ খেলেছি। তবে সেবারের থেকে এবারের উইকেটের আচরণ একটু অন্যরকম ছিল।’
ব্যাট করার সময় পূজারার পরামর্শ কাজে লেগেছে বিহারির। তিনি বলেন, ‘পূজারা আমাকে বলেছে, ভালো বলগুলোকে সমীহ করে ছেড়ে দিতে। আমি শুধু বলের দিকে চোখ রেখে প্রতিটাকে আলাদা আলাদা পরখ করেছি। আমার কাজ সহজ হয়ে গেছে।’