এই সময়ের ছড়া

মানুষ আমি

বোরহান মাসুদ

 

মানুষ আমি, আমার অনেক বন্ধু ছিল ভাই

কোথায় ওরা হারিয়ে গেল ঠিক-ঠিকানা নাই।

কিন্তু আমার বন্ধু ছিল যত্তোগুলো বই

আজো দেখি ওরা আমার নিত্য দিনের সই।

 

হিসেব নিতে মাথার মধ্যে পাকায় যখন গোল

বই-ই আমায় দেয় সমাধান, বই যেন মা-র কোল।

মনটা যখন একটু খারাপ; বইয়ের কাছে যাই—

জ্ঞানের ভেলায় চড়ে আমি আনন্দে হারাই।

 

আমি এখন অনেক বড়ো দেখতে হয়তো তাই

সময় পেলেই বইয়ের মাঝে স্বস্তি খুঁজে পাই।

বড়ো হয়েও বইয়ের কাছে ছোট্ট হয়ে রই

বই-ই আমার জীবন চলার নিত্য দিনের সই।