ইত্তেফাক রিপোর্ট
মোহাম্মদপুরে খেলা থেকে তুলে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। ইতিমধ্যে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে শিশুটিকে চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এর আগে সকালে ধর্ষণের ঘটনা ঘটে।
শিশুটির মা-বাবার অভিযোগ, তারা ঐ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। সকালে শিশুটির বাবা বাসায় ঘুমাচ্ছিলেন। আর মা রান্না ঘরে কাজ করছিলেন। এসময় শিশুটি দুই তলাতেই খেলা করছিল। কিন্তু এক পর্যায়ে দ্বিতীয় তলায় তাদের পাশের বাসার এক কিশোর তাকে ফাঁকা বাসায় নিয়ে ধর্ষণ করে। শিশুটির পরিবার জানায়, তাদের পাশের বাসায় নানা-নানির সঙ্গে থাকে ঐ কিশোর। তাকে সবাই মার্বেল বলে ডাকে। সে ছেলেই এ ঘটনা ঘটিয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, বিষয়টি দেখা হচ্ছে। মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।