নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ভালোবাসা দিবসে নবীনগর উপজেলা সদরে পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জের ধরে অনার্স (বিএ সমমান) পড়ুয়া ছেলের হাতে বাবা খুন হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে হযরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসার সম্মুখ সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আমীর হোসেন (৫৫)। তিনি একজন অবসরপ্রাপ্ত সৈনিক। ঘাতক ছেলে শুভ ব্রাহ্মণবাড়িয়া কলেজে অনার্সের ছাত্র । অনার্স পড়ুয়া শুভ চাকরির জন্য বাবার কাছে টাকা চেয়ে আসছিল। বাবা আমীরকে ভিটেমাটি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল শুভ। বাবা ভিটেমাটি বিক্রি করতে রাজি ছিলেন না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে শুভ দা নিয়ে বাবাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে নবীনগর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে কুমিল্লায় পাঠান হয়। কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে, ঘাতক ছেলেকে গ্রেফতারে অভিযান চলছে।