পটিয়ার মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া আর নেই

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রাক্তন শ্রম বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া আর নেই। শুক্রবার সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর ম্যাক্স হসপিটালে চিকিত্সাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান পালন করা হবে। পুত্র ও কন্যা ফ্রান্সের রাজধানীতে বসবাস করার কারণে অনুষ্ঠানের সময় ঠিক হয়নি। মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি বড়ুয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও মানুষের কল্যাণের জন্য সব সময় কাজ করে গেছেন। গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামে। এই গ্রামে রয়েছে মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়ার নামে একটি সড়ক। গ্রামীণ এই সড়কটি সংস্কার না করায় তিনি গ্রাম ছেড়ে পটিয়া সদরে ভাড়া বাসায় থাকতেন। রবিবার যে কোনো সময় শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।