খালেদা জিয়ার মুক্তি আদালতের মাধ্যমেই মীমাংসা হতে পারে ---- নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মানবিক আবেদন আদালতের মাধ্যমেই মীমাংসা হতে পারে। এক্ষেত্রে সরকারের করণীয় কিছু নেই। গতকাল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় সড়ক পথে ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়িতে শহিদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের সাবেক প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় রেখে সরকার তার সুচিকিত্সা দিচ্ছেন। কোনো অবহেলা করার প্রশ্নই ওঠে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকারের কাছে মানবিক আবেদন করেছেন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে  মোহাম্মদ নাসিম আরো বলেন, খালেদা জিয়ার পরিবারের মানবিক আবেদনও আদালতেই মীমাংসা হতে পারে।  নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশে জঙ্গি দমন করা হয়েছে, ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। উন্নয়ন অগ্রগতির কৌশলী পদক্ষেপ নিয়ে দেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হয়েছে।

  মোহাম্মদ নাসিম শহিদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার শান্তি কামনা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী ইসহাক আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ প্রমুখ।