গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে বাসের সঙ্গে সংঘর্ষে নছিমন যাত্রী পাঁচ নির্মাণশ্রমিক নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়াও এসএসসি পরীক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ পাঁচ স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ছয় জন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গোপালগঞ্জ প্রতিনিধি ও কাশিয়ানী সংবাদদাতা জানান, কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার চিতা গ্রামের বদির মোল্লা (২৪), একই গ্রামের সুমন মুন্সি (২০) ও মিজান ফকির (৪০), চিতা গ্রামের সিরাজুল ইসলাম মোল্লা (৩০)। অপর জনের পরিচয় জানা যায়নি। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক ও ফরিদপুর মেডিক্যাল কলেজের ডা. অঞ্জন কুমার সাহা এ তথ্য জানান। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মো. ইকবাল খান জানান, নছিমনটি মহাসড়কে ওঠার সময় ফাল্গুনী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক জন নিহত হন। অন্য চার জন হাসপাতালে ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় সুজন আহাম্মেদ নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল কুমিল্লার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় সুজনের মা ও ভাবি আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সুজন কুমিল্লা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার গ্রামে।
জামালপুর প্রতিনিধি জানান, বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (২০) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে তার সঙ্গী অন্তর মিয়াও (২০) আহত হয়েছেন। তারা দুই জনই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি এসএসসি পরীক্ষায় বকশীগঞ্জ উপজেলার রাহেলা কাদের উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অংশ নিচ্ছিলেন।
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা জানান, ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে দেলু (৪০) নামে এক ইটভাটার শ্রমিক নিহত হয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম চম্পা রানী মণ্ডল (৩৫)। তিনি পাটকেলঘাটা থানার কাপাসডাঙ্গা গ্রামের হারান চন্দ্র মণ্ডলের স্ত্রী।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, তারাকান্দায় ট্রাক্টরের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা এবং বাসের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল ময়মনসিংহ-শেরপুর সড়কে উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন তারাকান্দা উপজেলার রাউতনবাড়ি গ্রামের মমরোজ আলীর ছেলে আলাল উদ্দিন কাজী (৭০) শাহজাহান মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২২)।