সাভারে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে উঠতি বয়সি কিশোররা। মেয়েদের উত্ত্যক্তকরণ থেকে শুরু করে চুরি, ছিনতাই, মাদক বহন, মাদক ব্যবসা, অপহরণ এমনকি হত্যাকাণ্ডেও রয়েছে তাদের সম্পৃক্ততা। এলাকাভিত্তিক ছোটো-বড়ো গ্যাং তৈরি করে দলগতভাবে এসব অপরাধ করে বেড়াচ্ছে এসব উঠতি সন্ত্রাসীরা। ৫০টির বেশি কিশোর অপরাধী গ্যাংসহ তিন শতাধিক উচ্ছৃঙ্খল কিশোর দাপিয়ে বেড়াচ্ছে পুরো সাভার-আশুলিয়া অঞ্চল। এদের উত্পাতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো উপজেলার মানুষ। কোথাও রাজনৈতিক ছত্রছায়ায়, আবার কোথাও শীর্ষ সন্ত্রাসীদের অনুচর হিসেবে সক্রিয় রয়েছে এসব উঠতি বয়সি মাস্তানরা।
প্রায়ই সন্ত্রাসীদের এক গ্রুপের সঙ্গে অন্য গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এদের কাছে রয়েছে রামদা, চাকু, চাপাতি এবং ছোটো ছোটো ধারালো দেশীয় অস্ত্র, এমনকি আগ্নেয়াস্ত্রও। এসব উঠতি বয়সি কিশোর সন্ত্রাসীরা প্রায় সবাই মাদকাসক্ত।
কিশোর অপরাধীদের পাশাপাশি সাভারে পেশাদার সন্ত্রাসী ও টপটেররদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এর আগে সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে পুলিশসহ বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা রাজধানীর সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে। এই তালিকা তৈরির পর গ্রেফতারের ভয়ে সন্ত্রাসী ও টপটেরররা সাভারসহ রাজধানীর আশপাশের এলাকাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেয়। পরে অবশ্য সাভারেও অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও উঠতি মাস্তানদের একটি তালিকা পুলিশসহ গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তৈরি করা হয়। উঠতি মাস্তানদের পাশাপাশি চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের নাম রয়েছে এ তালিকায়।
মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্বের তালিকাকে হালনাগাদ করা হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে এত তালিকা তৈরির পরও সন্ত্রাসীদের গ্রেফতার বা তাদের তত্পরতা বন্ধে পুলিশের খুব বেশি সাফল্য নেই।
তবে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, এরই মধ্যেই তালিকাভুক্ত অনেক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারা কিছুদিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে।
যুবকের গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
সাভারের আশুলিয়ায় অজ্ঞাতনামা এক যুবককে (৩১) গলা কেটে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে আশুলিয়ার কাঠগড়া-গাজীরচট আঞ্চলিক সড়কের পালোয়ানপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে বাঁশঝাড় থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের পাশ থেকে রক্তমাখা দুটি মোটরসাইকেলের হেলমেট ও হত্যায় ব্যবহূত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। নিহত যুবক কালো রঙের প্যান্ট ও সোয়েটার পরিহিত অবস্থায় ছিলো।
তিনি বলেন, ছিনতাইকারীরা ওই যুবককে হত্যার পর তার মোটরসাইকেল নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি মামলা দায়ের করে অপরাধীদের আটকের চেষ্টা চলছে।