আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সুমন

মুক্তিযুদ্ধের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

গত বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে অব্যাহতির আবেদনপত্র জমা দেন তিনি। ব্যারিস্টার সুমন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। চিফ প্রসিকিউটর এখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেবেন।’

আবেদনপত্রে তিনি বলেছেন, ‘২০১২ সালের ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করি। এরপর থেকে বিভিন্ন মামলা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছি। কিন্তু, ইদানিং বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হওয়ার কারণে ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সময় দিতে পারছি না। এ অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়া আমি অনৈতিক বলে মনে করি। এ কারণে বর্তমান পদ থেকে আমি অব্যাহতি প্রার্থনা করছি।’

তার অব্যাহতিপত্রটি গ্রহণ করেন চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা।