তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সুস্থ সমাজ বিকাশের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ন্যায়ভিত্তিক ও বিতর্কভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকতে হবে তেমনি সে স্বাধীনতা যেন অন্যের স্বাধীনতা কিংবা অধিকারে অযাচিত হস্তক্ষেপ না হয় সেদিকেও গণমাধ্যমকর্মীদের লক্ষ্য রাখতে হবে। কারণ সমাজে গণমাধ্যমের স্বাধীনতা যেমন আবশ্যকীয়, তেমনি অন্যের মৌলিক স্বাধীনতা সুরক্ষার নিশ্চয়তার বিধানও সমাজে থাকা প্রয়োজন।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস কাউন্সিলের মিলনায়তনে প্রেস কাউন্সিল দিবস-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুর, তথ্যসচিব কামরুন নাহার, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ প্রমুখ।