শ্রীলঙ্কার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সভেন্দ্র সিলভার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০০৯ সালে গৃহযুদ্ধ চলাকালে বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সভেন্দ্র সিলভার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সভেন্দ্র সিলভার বিরুদ্ধে বড়ো ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে, যা খুবই ভয়ানক এবং বিশ্বাসযোগ্য। নিষেধাজ্ঞার ফলে সেনাপ্রধান সভেন্দ্র সিলভা ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। গত বছরের আগস্টে সভেন্দ্র সিলভাকে সেনাপ্রধান নিয়োগ দেওয়ার পরই জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র কড়া সমালোচনা করে। পরের মাসে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী থেকেও শ্রীলঙ্কার সেনাবাহিনীকে বাদ দেওয়া হয়। —রয়টার্স