কালকের শপথে মোদিকে আমন্ত্রণ কেজরিওয়ালের

ভারতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেনের শপথে বিরোধী ঐক্যের চেহারা ফুটে উঠেছিল। দিল্লি বিধানসভার ভোটে অরবিন্দ কেজরিওয়ালের বিপুল জয়ের পর রাজনৈতিক মহলের ইঙ্গিত ছিল আরো বড়ো শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠতে পারে কেজরিওয়ালের শপথের অনুষ্ঠান। কিন্তু তা হচ্ছে না। অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো নেতাকেই আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে আম আদমি পার্টি (আপ)। অন্যদিকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন কেজরিওয়াল।—খবর আনন্দবাজার পত্রিকার

কাল ১৬ ফেব্রুয়ারি তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে গতকাল শুক্রবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আপের আহ্বায়ক গোপাল রাই বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো রাজ্যের রাজনৈতিক নেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে না। পুরো অনুষ্ঠানই দিল্লিকেন্দ্রিক হবে। দিল্লির বিধানসভা নির্বাচনে ৬২টি আসনে বিপুল জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপ। বিজেপি দুই অঙ্কেও পৌঁছাতে পারেনি। তাদের আসন সংখ্যা ৮। ২০১৫ সালের মতোই একটি আসনও পায়নি কংগ্রেস। এই বিপুল জনসমর্থন নিয়ে দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী পদে কাল শপথ নিচ্ছে কেজরিওয়াল।