কুমিল্লার নাঙ্গলকোটে পৃথক স্থানে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ, দোকানপাট, গাড়ি-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার বিকেলে ও সন্ধ্যায় দফায় দফায় এ সব ঘটনা ঘটে। বাড়ি-ঘরে আগুন দেয়ার ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ দাবি করেছে, পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের যুবলীগ নেতা শরিফুল ইসলামের নেতৃত্বে যুবলীগ কর্মীরা রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও গ্রামে গিয়ে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলেন। এতে বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগ নেতা শরীফুল ইসলামসহ দুজন আহত হন। এর জের ধরে দুর্বৃত্তরা সন্ধ্যার দিকে বেতাগাঁও গ্রামের চুনা বেপারী, বিএনপির শফিক ও জালালের বাড়ি ও দোকানে আগুন দেন। সেই সঙ্গে জালালের ভাতিজা শাহীনের ঘর জ্বালিয়ে দেয়া হয়। এ সময় মাওলানা ইব্রাহিমের বাড়ি ভাঙচুর করা হয়।
আরো পড়ুন : ফুলবাড়ীয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
একই সময়ে রায়কোট দক্ষিণ ইউনিয়নের ইলেকশান বাজারে ওই গ্রামের বাসিন্দা ও বিএনপি কর্মী হালিমের দোকান, জয়নালের হার্ডওয়ার দোকান, মঘুয়া গ্রামের শাকেরের দোকান ও জামায়াত নেতা শামছু উদ্দিনের মার্কেটে ভাঙচুর করা হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নজরুল ইসলাম জানান, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি