স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরে দেশের প্রথম ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। ‘গরুর খামার দিয়েই জীবিকা নির্বাহ করি। কিন্তু গরুর কোনো অসুখ হলেই মারাত্মক সমস্যায় পড়তাম। রোগ হলে রোগাক্রান্ত গরুকে কম দামেই কসাইয়ের কাছে বিক্রি করে দিতাম। কখনো ভাবিনি গরুর অসুখ হলে বাড়িতেই চিকিত্সা সেবা পাব। গরু নিয়ে এখন আর চিন্তা নেই’। বিশেষায়িত ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক শনিবার বাড়িতে এসেই সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার রোগাক্রান্ত গরুর চিকিত্সা করেন। আর চিকিত্সা সেবা পেয়েই এমন কথা জানাচ্ছিলেন দিনাজপুর সদর উপজেলার রামডুবি বীরগাঁও গ্রামের গরুর খামার মালিক আনিছুর রহমান। আনিছুর রহমানের খামারের একটি গরুর ঝংকা (আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশন) রোগ হয়েছিল। উঠে দাঁড়াতেই পারছিল না গরুটি। কিন্তু হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের নেতৃত্বে ভেটেরিনারি সার্জনদের একটি দক্ষ দল ভ্রাম্যমাণ ক্লিনিক নিয়ে তার গরুর সফল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিত্সা করার পর গরুটি তাত্ক্ষণিকভাবে উঠে দাঁড়ায়। দিনাজপুরে এই ক্লিনিকসেবা চালু করেছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ভ্রাম্যমাণ ক্লিনিকে অপারেশন থিয়েটারসহ গবাদিপশুর সব চিকিত্সার সুবিধা রয়েছে। এই ক্লিনিক প্রান্তিক খামারিসহ গ্রামে গ্রামে গিয়ে বিনামূল্যে গবাদিপশু ও পাখির চিকিত্সা করবে।
হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম জানান, আমরা দেশে প্রথমবারের মতো এই উদ্যোগ নিলাম। আশা করি অন্য জেলাগুলোতেও গবাদিপশুর চিকিত্সার জন্য বিশেষায়িত ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক চালু হবে।