লক্ষ্মীপুর প্রতিনিধি
কোকিলের কুহু কুহু ডাক আর গাছে গাছে রক্ত পলাশ ও আমের মুকুলের আগমনে প্রকৃতিতে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছে ঋতুরাজ বসন্ত। লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আনন্দউত্সবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে বরণ করে নেওয়া হয়। শনিবার সকাল থেকে গানের সুরে, নৃত্যের তাল আর বাদ্যের ঝংকারে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। বসন্তকে বরণ করে নিতে সকাল থেকে হাজারো শিক্ষার্থী কলেজ মাঠে এসে জড়ো হয়। এবারও নিজেদের বসন্তের সাজে সাজতে শিক্ষার্থীরা খোপায়-গলায় ও মাথায় পড়েছে বিভিন্ন ফুলের তৈরি মালা। উত্সবে ছিল বসন্ত কথন, প্রতী বন্ধনী, রবীন্দ্র সংগীত, পরিবেশিত হয়েছে গান, আবৃতি, কবিতা ও নৃত্য। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরিফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।
বেলকুচি মহিলা ডিগ্রি কলেজে বসন্তবরণ উত্সব
বেলকুচি ও চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, বেলকুচি মহিলা ডিগ্রি কলেজে বসন্ত বরণ উত্সব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের ২ সহস্রাদিক শিক্ষার্থী হলুদ শাড়ী ও মাথায় নানা রঙয়ের ফুলের রিং পড়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়। নাচ, গান, কবিতা আবৃত্তি, কৌতুকের প্রাণবন্ত পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সবাইকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদ সভাপতি, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। এসময় কলেজের অধ্যক্ষ এ কে এম শামছুল আলমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সিফত-ই জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী লুত্ফর রহমান মাখন, ব্যবসায়ী বৈদ্যনাথ রায়, এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক ডনু, প্রভাষক ফিরোজা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।