স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর অঞ্চলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর আবাদ করা হয়েছে। ন্যায্যমূল্য আর আলু সংরক্ষণে হিমাগার সংকট সৃষ্টি না হলে উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। রংপুরের পীরগাছার দেউতি গ্রামের আনোয়ার শিকদার বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এবার আলুর ফলন ভালো হয়েছে। আগাম কিছু আলু বিক্রি করে দামও ভালো পেয়েছেন। মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শহিদুল ইসলাম জানান, এবার তিনি ১৫ একর জমিতে আলুর আবাদ করেছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ভালো ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর আবাদের কথা স্বীকার করে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান বিশেষজ্ঞ খোন্দকার মো. মেসবাহুল ইসলাম জানান, চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলার মধ্যে রংপুরে ৫০ হাজার ৬৬৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এছাড়া নীলফামারীতে ২১ হাজার ৭৩৫ হেক্টর, গাইবান্ধায় ৯ হাজার ৩০, কুড়িগ্রামে ৬ হাজার ৪৪৫ এবং লালমনিরহাটে ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এখন পর্যন্ত মোট উত্পাদনের ১২ হাজার ৩৮৬ হেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে। যা প্রতি হেক্টরে ২০ দশমিক ৫ মেট্রিক টন। তিনি আরো জানান, ২২ লাখ ৬৩ হাজার ৮৯৭ মেট্রিক টন উত্পাদন লক্ষ্যমাত্রার মধ্যে এখন পর্যন্ত উত্পাদিত আলু থেকে ২ লাখ ৩৮ হাজার ৯৪৮ মেট্রিক টন বাজারজাত হয়েছে। মাঠে রয়েছে প্রায় ২০ লাখ মেট্রিক টন।