চুয়াডাঙ্গায় ইজিবাইক মালিক শ্রমিকদের ধর্মঘট

জনদুর্ভোগ চরমে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার প্রধান সড়কগুলো থেকে ইজিবাইক ও থ্রি হুইলার যানবাহন উচ্ছেদের প্রতিবাদে জেলার চারটি উপজেলায় একযোগে পরিবহন ধর্মঘট পালন করছে ইজিবাইক মালিক শ্রমিকরা। শনিবার সকাল থেকে এ ধর্মঘট পালিত হয়। ইজিবাইক শ্রমিকদের হঠাত্ ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছে শহরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে দেখা গেছে এসএসসি পরীক্ষার্থীদের। তারা পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছাতে পাড়ছে না যানবাহনের অভাবে। চুয়াডাঙ্গা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাজু জানান, চুয়াডাঙ্গার চারটি উপজেলায় প্রায় ২০ হাজার ইজিবাইক আছে। অনেক শিক্ষিত বেকার চাকরি না পেয়ে স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে গাড়ি কিনে সংসারের হাল ধরেছেন। কিন্তু স্থানীয় প্রশাসন ইজিবাইককে অবৈধ যান ঘোষণা করে সড়ক থেকে উচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এর প্রতিবাদে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।  প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসন চার দিনের আলটিমেটাম দিয়ে চুয়াডাঙ্গার সড়কগুলো থেকে অযান্ত্রিক সব ধরনের যান উচ্ছেদের ঘোষণা দেয়।