জাতীয় দলের নেটে সালাউদ্দিন

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রতিষ্ঠিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ জাতীয় দলেও কাজ করেছেন সাকিব আল হাসানের গুরু সালাউদ্দিন। তামিম ইকবাল, মুমিনুল হকদের মেন্টর তিনি। পাকিস্তানে বড়ো রান পেতে ব্যর্থ তামিম ও টেস্ট অধিনায়ক মুমিনুলের ডাকে গতকাল জাতীয় দলের অনুশীলনে হাজির হয়েছিলেন সালাউদ্দিন। তখন হেড কোচ রাসেল ডমিঙ্গো ও বোলিং কোচ ওটিস গিবসনও ছিলেন মাঠে।

গতকাল তাদের সঙ্গেই মিরপুর স্টেডিয়ামে তামিম-মুমিনুলের নেট সেশনে কাজ করেছেন সালাউদ্দিন। দীর্ঘদিন পর বিদেশি কোচদের উপস্থিতিতে জাতীয় দলের নেটে কাজ করলেন তিনি। গতকাল তিন ঘণ্টার নেট সেশনে মোহাম্মদ মিঠুন, পেসার আল-আমিন হোসেনরাও ছিলেন।

অনুশীলনে সালাউদ্দিনের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে গতকাল মিঠুন বলেছেন, ‘এটা শুধু যে সালাউদ্দিন স্যার তা না। ডমিঙ্গো ছিল, গিবসন ছিল। সবাই মিলে যার যেটা সেরা পজিশন সেটা নিয়েই কাজ করছিল। সালাউদ্দিন স্যারও আসছে, কোচরাও ছিল। সবাই মিলে আর কীভাবে একটা প্লেয়ারের জন্য ভালো হয়, সেটা নিয়ে আলোচনা করছিল।’

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। পাকিস্তান থেকে ফিরে কয়েক দিন বিশ্রাম শেষে গতকালই অনুশীলনে নেমে পড়েছেন টেস্ট দলের ক্রিকেটাররা। গতকাল বিকালে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল। এদিকে আজ ঘোষণা হতে পারে বাংলাদেশের টেস্ট দল।