পাকিস্তানে ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
মার্চেই দক্ষিণ আফ্রিকা দলের পাকিস্তান সফরের সূচি প্রস্তুত হয়েই ছিল। কিন্তু, শেষ মুহূর্তে সেই অবস্থান থেকে সরে আসল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সফর পিছিয়ে দিয়েছে তারা। কবে যাবে সেটাও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়নি।
১৮ মার্চ শুরু হওয়া সফরে রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকা দলের। সেটাই আপাতত স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে, এই সিদ্ধান্তের পেছনে নিরাপত্তার কোনো কারণ দেখায়নি সিএসএ। তারা খেলোয়াড়দের ওপর চাপ কমাতে চায়। বর্তমানে নিজ মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছে দক্ষিণ আফ্রিকা দল। ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট ও তিন ওয়ানডের পর বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে প্রোটিয়ারা। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজ শেষ হবে সাত মার্চ। এরপর ভারতে গিয়ে খেলবে তিনি ম্যাচের ওয়ানডে সিরিজ। সেটা শুরু হবে ১২ মার্চ। এই সিরিজ শেষেই খেলোয়াড়দের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই আপাতত সিরিজ স্থগিত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সিএসএ সময় সুযোগ বুঝে পরবর্তীতে সিরিজে সূচি ঘোষণা করবে।