এই সময়ের ছড়া

বাঁদরের গলায় মুক্তোমালা

মুস্তাফা মাসুদ

 

মুক্তোমালা স্বর্ণপদক

নয় বাঁদরের জন্য,

এমন হলে অর্থটা তার

হবেই হবে অন্য।

বাঁদর ব্যাটা ভাববে তখন—

নয় সে এখন বন্য,

গুণীসভায় আসন গেড়ে

ভদ্র বলে গণ্য।

ফট্টিফটাং ঝাড়বে বুলি

বলবে—জীবন ধন্য,

আর নয় তো আদিম ভূমি

আর নয় অরণ্য।

 

কিন্তু হলো ব্যাপারখানা অন্য—

ভদ্রসভায় এসেও ব্যাটা

থেকেই গেল বন্য।