খোলা হয়েছে ১০ বেডের পোস্ট ক্যাথল্যাব ওয়ার্ড
ময়মনসিংহ প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ৫৭ বছর পর অবশেষে যাত্রা শুরু হলো বহুল প্রত্যাশিত কার্ডিয়াক ক্যাথল্যাবের। শনিবার দুপুরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বিভাগে ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্যাথল্যাবের উদ্বোধন করা হয়। জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব কার্ডিয়াক ইন্টারভেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন ফিতা কেটে এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, হূদেরাগ ইনস্টিটিউট ময়মনসিংহের ক্যাথল্যাবকে ডাক্তারসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলার হূদেরাগ বিভাগে স্থাপিত কার্ডিয়াক ক্যাথল্যাবের পাশে একটি ১০ বেডের পোস্ট ক্যাথল্যাব ওয়ার্ড খোলা হয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সক ও প্রশিক্ষিত নার্সদের জন্য রাখা হয়েছে আলাদা কর্নার। করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ এবং হূদেরাগ বিভাগের আলাদা ইউনিট ও ওয়ার্ডের পাশে একই ফ্লোরে বসানো হয়েছে এই ক্যাথল্যাব।
তবে কার্ডিয়াক ক্যাথল্যাব উদ্বোধন হলেও সার্বক্ষণিক ইন্টারভেনশনাল কার্ডিয়াক সার্জনের অভাবে এখনই পুরোদমে সেবা দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে সার্বক্ষণিক একজন ইন্টারভেনশনারিস্ট ডাক্তার নিয়োগের জন্য মন্ত্রণালয়ে পত্র দেওয়া হয়েছে। ইন্টারভেনশনারিস্ট না আসা পর্যন্ত রোগীর চিকিত্সা না দেওয়ার কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উদ্বোধন পরবর্তী এক প্রেসব্রিফিংয়ে মমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার বলেন, ‘আমাদের কয়েক জন ডাক্তারকে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিন্তু তা পর্যাপ্ত নয়। ক্যাথল্যাব চালুর পর কোনো রোগীর সমস্যা হলে সার্বক্ষণিক ইন্টারভেনশনারিস্ট পোস্টিং না থাকলে প্রয়োজনীয় সেবা দেওয়া কঠিন হবে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে কোনো ঝুঁকির মধ্যে রাখতে চাই না।’ ক্যাথল্যাব উদ্বোধনের আগে এক কর্মশালায় মমেক হাসপাতালের হূদেরাগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন চৌধুরী, কার্ডিয়াক সোসাইটির ট্রেজারার অধ্যাপক অমল কুমার চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. কাজল কুমার কর্মকার, সাবেক অধ্যক্ষ ডা. মতিউর রহমান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ প্রমুখ।