সোনারগাঁওয়ে চাঁদা না দেওয়ায় একই পরিবারের সাত জনকে কুপিয়ে জখম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামে যুবকদের নাচ-গানের অনুষ্ঠানের জন্য দাবিকৃত চাঁদা না দেওয়ায় শনিবার সকালে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে চাঁদাবাজরা। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিক্যাল কলেজ ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর কাঁচপুর ইউনিয়ন পরিষদের সচিব ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা বাপসার সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের কাছে একই গ্রামের কালামের ছেলে রিমন ও সাইফুল গ্রামে নাচ-গানের অনুষ্ঠানের জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার সকালে রিমনের নেতৃত্বে কালাম, সাইফুল, নিজাম, নয়ন, রাসেল, মাসুদ, ফাহিমসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ দেলওয়ারের বাড়ির সামনে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তার চিত্কারে বাড়ির লোকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় চাঁদাবাজ সন্ত্রাসীরা। হামলায় আহসান মোল্লা হাসান, রাব্বি, ইউনুস আলী, শাহ আলী, ইমন, জয়নব নেছা ও ফাহিম আহত হন। আহতদের মধ্যে সৌদি প্রবাসী আহসান মোল্লা হাসানের অবস্থা আশংকাজনক। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি কুড়াল ও একটি ছোরা উদ্ধার করেছে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।