বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

বরিশাল অফিস

নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের এসআই খায়রুল আলমের নেতৃত্বে রহমতপুর এয়ারপোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে উজিরপুর পৌর এলাকার সিকদার বাড়ির মালেক সিকদারের পুত্র মাসুদ রানা টিপু সিকদার (২৭) ও তার সহযোগী পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল গ্রামের মৃত শহিদুল ইসলাম মোল্লার পুত্র শামীম মোল্লাকে (২৫) ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে

বিএনপির সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে মহানগর বিএনপি। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, গণতন্ত্র জনগণের ন্যায্য অধিকার। এ অধিকার প্রতিষ্ঠায় একটি বারের জন্য হলেও সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠা সব চেয়ে বেশি দরকার, তাই অধিকার প্রতিষ্ঠায় সব সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত         মুক্তির দাবিতে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ              সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর বিএনপির সহসম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক                মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু প্রমুখ।