গবাদিপশুর চিকিত্সায় দেশে প্রথম বিশেষায়িত ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক চালু করেছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ভ্রাম্যমাণ ক্লিনিকে অপারেশন থিয়েটারসহ গবাদিপশুকে চিকিত্সা দেওয়ার সুবিধা রয়েছে। এই ক্লিনিক গ্রামে গ্রামে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া, পশুপাখিকে চিকিত্সা দেবে বিনামূল্যে। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, দেশের জিডিপির ২ দশমিক ৯ শতাংশের জোগান আসছে প্রাণিসম্পদ থেকে। খামারের বেশির ভাগ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। কিন্তু গ্রামাঞ্চলে নেই পশুর চিকিত্সা সুবিধা। এ ধরনের বিশেষায়িত ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক আটটি বিভাগীয় শহরে চালু করা সম্ভব হলে এবং এর সঙ্গে রোগ প্রতিষেধক সকল ভ্যাকসিনের আওতায় দেশের পশুখামারগুলো আনা সম্ভব হলে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগির রোগবালাই ৮০ শতাংশের ওপরে প্রতিরোধ করা সম্ভব হবে। এ পেশা লাভজনক হিসাবে দৃশ্যমান হলে দেশের শিক্ষিত বেকার যুবরা চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়ে পশু পালনে এগিয়ে আসবে। বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে দারিদ্র্যবিমোচনে সহায়ক হবে।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘির দক্ষিণপাড়, সিলেট ৩১০০