সদ্য বিবাহিত তরুণীসহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

গাজীপুর : ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে দুই জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারসহ তার চালক ও দেহরক্ষী রয়েছেন। নিহতরা হলেন, বাসের সুপারভাইজার নরসিংদী সদরের চর দিঘলদি গ্রামের তৈয়বুর রহমান (৪৫) ও যাত্রী ইশ্বরগঞ্জের রমপুর গ্রামের বিল্লাল হোসেন (২৫)। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : বিশ্ব ভালোবাসা দিবসে স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন পুতুল আক্তার (১৯) নামে নববিবাহিত এক তরুণী। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় সড়ক সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। পুতুল আখাউড়া পৌর শহরের নারায়ণপুর গ্রামের নাছির মিয়ার ছেলে দেলোয়ার হোসেনের স্ত্রী।

গোপালগঞ্জ : ঘন কুয়াশার মধ্যে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আলীম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আলীম মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজনদী গ্রামের।

তালা (সাতক্ষীরা) : তালায় মাছবাহী পিকআপের ধাক্কায় চম্পা রানী মণ্ডল (৩২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের নারায়ণ চন্দ্র মণ্ডলের স্ত্রী। শুক্রবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কাপাসডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

আগৈলঝাড়া (বরিশাল) : শুক্রবার উপজেলার বাশাইল-আগৈলঝাড়া সড়কে ইজিবাইকের চাকা খুলে দর্জিরপাড়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নববধূসহ চার জন আহত হয়েছেন। এদিকে রাতে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার নিমতলার পূর্বপাশে আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন।