মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতার ২১তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ১৯৯৯ সালের এইদিনে দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জাসদের এক জনসভায় বক্তৃতাকালে চরমপন্থি সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তত্কালীন সভাপতি মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল। এ উপলক্ষে আজ শহিদ ইয়াকুব আলী ট্রাস্ট দৌলতপুর উপজেলার পি এম কলেজ মাঠে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। অপরদিকে কাজী আরেফ পরিষদ, কুষ্টিয়া জেলা জাসদ ও শহিদ লোকমান হোসেন ফাউন্ডেশন পৃথকভাবে স্মরণ সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।