শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অচল হয়ে পড়া রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকালে কর্তৃপক্ষ কলেজটি বন্ধ ঘোষণা করে ছাত্রদের এ দিন রাত ৮টা এবং ছাত্রীদের আজ রবিবার সকাল ১০টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দিয়েছে। এর আগে কলেজ কর্তৃপক্ষকে দেওয়া তিন দিনের আলটিমেটাম শেষে শনিবার বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এদিন কলেজের প্রশাসন ভবনের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা তাদের ১৭ দফা দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করেন। তারা কলেজ কর্তৃপক্ষকে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবে না বলেও ঘোষণা দেন।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না থাকায় এই কলেজের শিক্ষার্থীরা এমবিবিএস পাশ করার পরেও ইন্টার্নশিপ করতে পারছেন না। আবার কলেজের হাসপাতালে পর্যাপ্ত রোগী না থাকায় প্র্যাক্টিসও করতে পারে না শিক্ষার্থীরা। এছাড়া নানা অব্যবস্থাপনায় জর্জরিত কলেজটিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে এক সপ্তাহ ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে লাগাতার আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। অনুমোদন না থাকার পরও সাত বছর ধরে অবৈধভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের বিরুদ্ধে।
শিক্ষার্থীরা জানান, কলেজের প্রথম ব্যাচে ভর্তি হয়েছিল ১৮ জন। কিন্তু নীতিগত অনুমোদন ও প্রয়োজনীয় শিক্ষক এবং প্র্যাক্টিক্যাল সরঞ্জাম না থাকায় ১৪ জন শিক্ষার্থীই কলেজ ছেড়ে চলে যান। কিন্তু যারা এমবিবিএস কোর্স শেষ করেছেন, তারা পড়েছেন বিপদে। বিএমডিসির অনুমোদন না থাকায় তারা পাশ করেও ইন্টার্নশিপ করতে পারছেন না। এমবিবিএস পাশ করেও ডাক্তারি পেশায় যেতে পারছেন না এসব ছাত্র।
এ ব্যাপারে কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম স্বাধীন বলেন, নানা সমস্যায় তারা এখনো দাঁড়াতে পারেননি। বিএমডিসির অনুমোদনের আবেদন করা হয়েছে। তারা পরিদর্শনও করেছেন। তারা যেসব শর্ত দিয়েছেন, সেগুলো পূরণের চেষ্টা চলছে। হয়তো অনুমতি পেয়ে যাবো।