টেকনাফে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীদের ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়া ঠেকাতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গাদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি দুর্বল হয়নি। তাদের ওপর আরো নজরদারি বাড়াতে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা বসানো হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে বাহিনীটির রজতজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর রজতজয়ন্তীতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, এনটিএমসি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানসহ শীর্ষ কর্মকর্তারা।
কোস্ট গার্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাহাজ-স্পিডবোট নিয়ে সমুদ্রসীমায় চোরাচালান রোধ, অবৈধ মত্স্য আহরণ প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কোস্ট গার্ড কাজ করে যাচ্ছে। পরিবেশ সুরক্ষার জন্যও কাজ করছে তারা। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডের উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জনকে বর্তমান সরকার প্রবর্তিত বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক বিতরণ করেন।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক বলেন, এ বাহিনীর নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরে চুরি ডাকাতি শূন্যের কোঠায় নেমেছে, যা আন্তর্জাতিক সংস্থা ReCAAP-এর রিপোর্টে স্বীকার করা হয়েছে। ২০১৯ সালে ১৯০০ কোটি টাকার অবৈধ দ্রব্যাদি আটক করেছে কোস্ট গার্ড। বনজ সম্পদ রক্ষায় ২ কোটি টাকা সমমূল্যের বিভিন্ন রকম চোরাকারবারি মালামাল জব্দ করেছে। উপকূলীয় এলাকায় জীববৈচিত্র রক্ষা ইলিশ রক্ষায় কাজ করেছে কোস্টগার্ড। প্রধানমন্ত্রীর ভিশন ‘ব্লু-ইকোনমি’ এবং রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে যেতে এই বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।