জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টাসহ পার্টির সব পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষা ও স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন। শনিবার দুপুরে মহানগরীর গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা ও স্বাস্থ্যসচিব হিসেবে দায়িত্ব পালনকালে গাজীপুরে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বেকার যুবকদের চাকরিসহ কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এরপর ২০১৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করি। আমি বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে রাজনৈতিক কর্মকাণ্ড করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, বর্তমানে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিভিন্ন কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় সব রাজনৈতিক কর্মকাণ্ড, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, সাধারণ সদস্য ও পার্টি থেকে পদত্যাগ করলাম। শনিবার এ পদত্যাগপত্র পার্টির চেয়ারম্যানের কাছে পৌঁছানো হয়েছে বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান।