জঙ্গি শামীমাকে বাংলাদেশ গ্রহণ করবে না :পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আইএসের সাথে জড়িত ব্রিটিশ নাগরিক শামীমাকে বাংলাদেশে গ্রহণ করবে না। তার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তাকে নিয়ে মাথা ব্যথা ব্রিটিশ সরকারের, বাংলাদেশের নয়। তার পিতা-মাতাও ব্রিটিশ নাগরিক। সে কখনোই এদেশে আসেনি। তিনি বলেন শুধু শামীমা নয় জঙ্গি সংশ্লিষ্ট কাউকেই এদেশে ঢুকতে দেওয়া হবে না ।

শনিবার সন্ধ্যায় সিলেটের মানিকপীর টিলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে মোয়াজ্জেম ফাতেমা ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, চীনে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে দেশে আনার ব্যবস্থা করা হবে।

এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।