সংগীত পরিচালক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

অন্যের গানের সুর নকল করে নিজের নামে চালিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতের নাম মো. সবুজ সিকদার ওরফে ইমন হোসেন ওরফে নীরব আহম্মেদ সজিব ওরফে সাজিদ সরকার (২৮)। গতকাল শনিবার বিকালে বেইলি রোডের কেএফসির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিস) ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ সূত্র জানায়, সংগীত পরিচালক ও সুরকার সাজিদ সরকারের সুর করা গান—‘ছুয়ে দিলে মন’, ‘তাই তোমার খেয়াল’, ‘বুকের বাঁ পাশে’, ‘একটাই তুমি’ ও ‘ঝুম’ গানগুলো গ্রেফতার ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি তৈরি করে তাতে শেয়ার করে নিজেকে সাজিদ সরকার বলে প্রচার করতো। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন মিডিয়াতেও নিজেকে সাজিদ সরকার বলে পরিচয় দিত। সূত্র আরো জানায়, গ্রেফতার ব্যক্তি মিথ্যা পরিচয়ের মাধ্যমে উঠতি মডেল ও শিল্পীদের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে তাদেরকে গানের মডেল অথবা গান গাওয়ার সুযোগ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া ও অনৈতিক প্রস্তাব দিত।