চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
চুনারুঘাট উপজেলায় এক চা-শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ৩টায় সাতছড়ি চা বাগানের এ ঘটনায় গতকাল রবিবার সকালে দুই চা-শ্রমিককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার সাতছড়ি চা বাগানের ১৩ নম্বর সেকশনের সাধুপাড়ার বাসিন্দা খোকন সাঁওতাল ঐ দিন রাতে মদ খেয়ে মাতলামি করছিলেন। এ সময় একই এলাকার রাজেশ মাল ও কার্তিক ভৌমিজ তাকে ধরে হাত-পা বেঁধে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে রাত প্রায় ৩টার দিকে তাকে তুলে দেওয়া হয় সাতছড়ি বাগান অফিসে। সেখানেই তিনি মারা যান। এসআই হাবিব ও এসআই সম্রাটের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ সময় পুলিশ রাজেশ মাল ও কার্তিক ভৌমিজকে আটক করে। রাজেশ ও কার্তিক জানান, তিনি মদ খেয়ে মাতলামি করায় তাকে আটক করে চরথাপ্পড় দিয়েছি। এতে মৃত্যু হওয়ার কথা নয়। কিন্তু পুলিশ বলেছে, ময়নাতদন্তের সময় তার শরীরে কিছুটা আঘাত দেখা গেছে।