৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার রাত আড়াইটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমতে থাকলে ফেরি চলাচল শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার অদূরে বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন। অপরদিকে ঘাট এলাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় বিজয় ৭১ স্মৃতি চত্বর থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাক, কাভার ভ্যান সাময়িকভাবে অপেক্ষায় ছিল দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর জন্য।  বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, শনিবার রাত আড়াইটা থেকে রবিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। নৌরুটের ১৫ ফেরি সার্বক্ষণিক যানবাহন পারাপারে কাজ করে যাচ্ছে।