দাকোপের বিভিন্ন হাটবাজারে ছড়িয়ে পড়েছে পলিব্যাগ!

দাকোপ (খুলনা) সংবাদদাতা

দাকোপের বিভিন্ন হাটবাজারসহ যেখানে সেখানে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ। ফলে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। 

পলিথিন শপিং ব্যাগের ক্ষতিকারক বিষয়সমূহ বিবেচনা করে ২০০২ সালে সরকারি সিদ্ধান্তে সকল প্রকার পলিথিন শপিং ব্যাগ উত্পাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশে পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ঐ প্রজ্ঞাপন জারির পর কিছু দিন পলিব্যাগ ব্যবহার থমকে পড়লেও আবার বিভিন্ন পন্থায় বাজারে চলে এসেছে।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে উপজেলার বিভিন্ন হোটেল, মুদি  দোকানসহ সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যসামগ্রীর সঙ্গে এই পলিব্যাগ ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়া ছোটো-বড়ো বিভিন্ন অনুষ্ঠানেও ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে চালনা বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য মজুত করে পুরো উপজেলার বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বিক্রি করছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগীয় নেটওয়ার্ক কমিটির ও ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক গৌরাঙ্গ প্রসাদ রায় জানান, পলিথিন বা প্লাস্টিক একটি অপচনশীল বস্তু। এটি বন্ধে প্রশাসনকে আইনের সঠিক ব্যবহার এবং এলাকার সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিফ-উল-হাসান বলেন, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পলিথিন ব্যাগ নির্মূল করা হবে। একই সঙ্গে চটের ব্যাগ ব্যবহারে মানুষকে সচেতন করব এবং পলিথিন ব্যাগ মুক্ত দাকোপ উপজেলা গড়ব।   উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ বলেন, পলিথিন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে।