স্টাফ রিপোর্টার, রাজশাহী
অবৈধ বিদ্যুত্ সংযোগ দিয়ে চলছিল রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম। মিটার ছাড়াই বিদ্যুত্ স্টেডিয়ামের একাংশে ব্যবহার করা হচ্ছিল। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অভিযানে এই অবৈধ বিদ্যুত্ সংযোগ ধরা পড়েছে। এ নিয়ে বিদ্যুত্ আদালতে মামলাও হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড-নেসকোর রাজশাহীর সহকারী প্রকৌশলী অসিত পোদ্দার বাদী হয়ে শনিবার বিকেলে মামলাটি করেন। মামলায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডিকে আসামি করা হয়েছে। স্টেডিয়ামটি পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। তাই জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকে আসামি করা হয়েছে।
নেসকোর সহকারী প্রকৌশলী অসিত পোদ্দার বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্নও করা হয়েছে। সঞ্চালন লাইন থেকে অবৈধ বিদ্যুত্ সংযোগ নিয়ে স্টেডিয়ামের একাংশে দীর্ঘদিন ধরেই ব্যবহার করা হচ্ছিল। রাজশাহীর বিদ্যুত্ আদালতের নেতৃত্বে তারা শনিবার স্টেডিয়ামে অভিযান চালান। এ সময় মিটারবিহীন ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে এ বিষয়ে মামলা দায়ের করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস শামসের বিরুদ্ধে অভিযোগটি আমলে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ উদ দৌলা আগামী ৪ মার্চ আদালতে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডি বলেন, এখানে কোনো অবৈধ সংযোগ নেই। স্টেডিয়ামের টাকা আছে। কেন চুরি করব! তা ছাড়া চুরি করা সংযোগে ফ্লাডলাইট চলবে না। লাইটই পুড়ে যাবে। তাই বিদ্যুতের নিজস্ব সাব-স্টেশন আছে আমাদের। আদালতে কোনো মামলা হয়নি। তবে সমন জারি করে জবাব দিতে বলা হয়েছে।