পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দুর্নীতির দায়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বিশ্বজুড়ে পানামা পেপার্স দলিল ফাঁস হওয়ার জেরে এ দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছিলো। এ নিয়ে বহু অভিযোগ ওঠায় ক্ষমতা থেকেও সরে যেতে হয় নওয়াজ শরিফকে। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও খালিজ টাইমসের।
দুর্নীতির সকল অভিযোগ অস্বীকার করেছেন নওয়াজ শরীফ। তার দাবি পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্যে পারিবারিক ব্যবসায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় সোমবার নওয়াজ শরিফকে কারাদণ্ড দেয়া হয়। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার পর এ রায় ঘোষণা করা হলো।
রায়ের পর আদালত চত্বরে নওয়াজ শরিফের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায় পুলিশ।
আরও পড়ুনঃ ২৯ ডিসেম্বর রাত থেকে সারাদেশে যান চলাচল বন্ধ
গত বছরের দুর্নীতির অভিযোগ ওঠায় নওয়াজ শরিফকে রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধ করেছিলো পাকিস্তানের সুপ্রিমকোর্ট।
আদালত কর্তৃক ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে লন্ডনে বসবাস শুরু করেন নওয়াজ। তবে গত বছর নির্বাচনের আগে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
পাকিস্তানের অস্থিতিশীল রাজনৈতিক দৃশ্যপটে তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন নওয়াজ শরীফ। তবে কোনবারই মেয়াদ শেষ করতে পারেননি তিনি।
ইত্তেফাক/টিএস