বরিশাল বি এম কলেজ
বরিশাল অফিস
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষার রুটিনে ঐতিহাসিক ৭ই মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। মুজিববর্ষের অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী নয়।
বিএম কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার জানান, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশালের আঞ্চলিক পরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সাত দফা দাবিতে কোয়াবের
সমাবেশ অনুষ্ঠিত
৭ দফা দাবিতে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার। দুপুরে নগরীর মহিলা ক্লাব মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন কোয়াব বরিশাল বিভাগের সমন্বয়কারী মঞ্জুরুল আলম খান। উপস্থিত ছিলেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ সংগঠনের সাবেক মহাসচিব নিজাম উদ্দিন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এ বি এম সাইফুল হোসেন সোহেল, বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান লায়ন মো. ফিরোজুল ইসলামসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, কেবল টিভি ব্যবসার দুর্দিন চলছে। প্রায় ৫ লাখ লোক এই ব্যবসার সঙ্গে জড়িত। এতসংখ্যক লোকের কথা বিবেচনা করে এই সাত দফা দাবি করেন নেতৃবৃন্দ।