এক দিনের ব্যবধানে প্রধান সূচক বেড়েছে ১৬৯ পয়েন্ট
ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে তারল্য বাড়াতে উদ্যোগ নেওয়ার পর থেকেই বড়ো উত্থান লক্ষ করা যাচ্ছে। গতকাল রবিবার সপ্তাহের শুরুতে এক কার্যদিবসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৬৯ পয়েন্ট বা প্রায় ৪ শতাংশ। লেনদেন হয়েছে ৯০০ কোটি টাকার ওপরে। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকা করে বিশেষ তহবিল গঠনের সুযোগ দেওয়ার ঘোষণা আসার পর থেকেই এই উত্থান দেখা যাচ্ছে। ২০১৩ সালে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স চালু হওয়ার পর এটি এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ উত্থান। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি এক দিনে সূচকটি ২৩২ পয়েন্ট বেড়েছিল। ধারাবাহিক দরপতনের মধ্যে গত সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিশেষ তহবিল গঠনের সুযোগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য প্রত্যেকটি ব্যাংক সর্বোচ্চ ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারবে। নিজস্ব উত্স অথবা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো এ অর্থ সংগ্রহ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক থেকে ৫ শতাংশ সুদে নিয়ে সর্বোচ্চ সাত শতাংশ সুদে এ তহবিল থেকে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। এর পর থেকেই পুঁজিবাজারে লেনদেন ও সূচক বাড়তে থাকে। মঙ্গলবার লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকার ঘরে পৌঁছে। পরের কার্যদিবস বুধবার ৬০০ কোটি টাকার ওপর লেনদেন হয়। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয় ৭০০ কোটি টাকার ওপর।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৫৬টি কোম্পানির ৩৫ কোটি ৬০ লাখ ৩২ হাজার ৪৩১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৯১৬ কোটি ২৫ লাখ ৮৬ হাজার টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৪৭৩৪ দশমকি ১৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১৫০২ দশমিক ৩৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২৯ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১০৭৫ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৩টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, লাফার্জ হোলসিম বাংলাদেশ, খুলনা পাওয়ার, বিএসসিসিএল, বিএসসি, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, সামিট পাওয়ার, এসএস স্টিল, সিঙ্গার বিডি ও প্যারামাউন্ট টেক্সটাইল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ওরিয়ন ইনফিউশন, এসিআই ফর্মোলেশন, সায়হাম টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লি., আফতাব অটোমোবাইলস, ব্র্যাংক ব্যাংক লি., এসিআই লি., এস. আলম কোল্ড রোল্ড ও প্রিমিয়ার সিমেন্ট। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেইট, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সমতা লেদার, সাভার রিফ্রেক্টোরিজ, তুংহাই ইন্ডাস্ট্রিজ, ইমাম বাটন, স্ট্যান্ডার্ড সিরামিক, দুলামিয়া কটন ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিঃ ফাঃ-১। এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৫৩৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি আট লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৭টির এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে।