ব্যর্থতার ধাক্কায় টেস্টে অনেক পরিবর্তন

নতুন মুখ হাসান-ইয়াসির আলী

 স্পোর্টস রিপোর্টার

বছর শুরু পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে হেরে। তার আগের পাঁচ টেস্টেও পরাজয়ের তিক্ততা সঙ্গী ছিল, যার মধ্যে চারটি আবার ইনিংস ব্যবধানে। দেশের মাটিতে সর্বশেষ টেস্টে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। সবমিলিয়ে সাদা পোশাকে রীতিমতো দুর্যোগ পার করছে বাংলাদেশ দল।

এমন হতশ্রী পারফরম্যান্সে কোনো কিছুই ঠিক থাকার কথা নয়। বাংলাদেশ দলও এখন অস্থির এক শিবির। নির্বাচক, টিম ম্যানেজমেন্ট, ক্রিকেটাররাও চিন্তিত টেস্টের হতাশার চিত্র নিয়ে। দলের ভেতরের নড়বড়ে অবস্থার একটা ছাপ থাকল গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে। ১৬ সদস্যের দলে ছয়টি পরিবর্তন। পরিস্থিতি এমন, নির্বাচকরা শুধু আশায় বুক বাঁধেন, ক্রিকেটাররা ব্যর্থ হয়ে তাদেরকে হতাশ করেন।

নিরাপত্তা ঝুঁকির ভয়ে পাকিস্তান না গেলেও প্রত্যাশিতভাবে হোম সিরিজের টেস্ট দলে ফিরেছেন মুশফিকুর রহিম। তার সঙ্গে টেস্ট দলে ফিরলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। দলে নতুন মুখ আছে দুটি। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদ।

গত কয়েকদিনের গুঞ্জন সত্যি হয়েছে, টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পড়তি ফর্মের কারণে জায়গা হারালেন তিনি। যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দাবি, বিশ্রাম দেয়া হয়েছে মাহমুদউল্লাহকে। এছাড়া বাদ পড়েছেন দুই পেসার রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।

এই দলটার আকার অবশ্য ছোট হবে। তিন জন ক্রিকেটারকে টেস্টের আগে ছেড়ে দেওয়া হবে। তারা বিসিএলের ফাইনালে যোগ দেবেন। আগামীকাল শুরু হবে টেস্ট দলের আনুষ্ঠানিক অনুশীলন।

দলে রাখা হয়েছে পাঁচ পেসারকে। সঙ্গে তিন স্পিনার। জানা গেছে, প্রথা ভেঙে স্পিন জাদু ছেড়ে জিম্বাবুয়ের বিপক্ষে পেস নির্ভর উইকেটেও খেলতে পারে বাংলাদেশ।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে সিলেটে মুস্তাফিজের বোলিং দেখে সন্তুষ্ট হয়েছেন প্রধান নির্বাচক। তাতেই এক ম্যাচ পর দলে জায়গা হলো এই বাঁহাতি পেসারের। গতকাল সংবাদ সম্মেলনে মুস্তাফিজের ফেরা নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা চিন্তা করছি বিসিএলে ও যেভাবে ফিরে এসেছে। এখন চিন্তা করছি অবশ্যই তাকে রেড বলে বিবেচনা করা যায়।’

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ৫ উইকেট নিয়েছেন তাসকিনও। গতকাল মিরপুরে ফিটনেস টেস্ট দিয়ে পাস করেছেন তিনি। তারপরই দলে ঠাঁই পেয়েছেন। প্রধান নির্বাচক বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এখন চাচ্ছি যে, যারা জোরে বল করতে পারে, যাদের গতি ১৪০ এর কাছাকাছি, ধারাবাহিকভাবে একটা লেভেলে গতি রাখে সেটা চিন্তা করেই তাকে নেওয়া হয়েছে।’

এর আগে ওয়ানডে দলে সুযোগ পেয়েও খেলা হয়নি ইয়াসির আলী রাব্বির। পাকিস্তান সফরে টি-২০ দলে থেকেও খেলতে পারেননি হাসান মাহমুদ। এবার দুই তরুণই টেস্ট দলে ডাক পেয়েছেন। প্রধান নির্বাচক প্রশংসা করলেও এবার দুই তরুণের ভাগ্য খুলবে কিনা বলা কঠিন। তবে মিডল অর্ডারে রাব্বিকে ভবিষ্যতের জন্য তৈরি করার ইচ্ছা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

বাংলাদেশ টেস্ট দল

তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল  হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি রাব্বি।