ভেসে গেল প্রস্তুতি ম্যাচ

নারী ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পিছু নিয়েছে বৃষ্টি। নিজেদের আয়োজনে প্রস্তুতি ম্যাচগুলোতেও ছিল বৃষ্টির হানা। গতকাল আইসিসির আয়োজনে থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু সে ম্যাচও ভেসে গেছে বৃষ্টিতে।

গত ৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখান থেকে তারা চলে যায় গোল্ড কোস্টে। সেখানে নিজেদের আয়োজনে ক্যাম্প করেছে বাংলাদেশ দল।

গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দল আবার চলে আসে ব্রিসবেনে। এখানে আইসিসির তত্ত্বাবধানে শুরু হয়েছে ক্যাম্প। ব্রিসবেনে দারুণ স্বাগত পেয়েছে সালমা খাতুনের দল। এখানেই গতকাল থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। সেটা হয়নি। এরপর ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলবে ‘এ’ গ্রুপে। এখানকার সেরা দুই দল যাবে সেমিফাইনালে। গ্রুপে বাংলাদেশের সঙ্গীরা হলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ২৪ ফেব্রুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে; পার্থে। ২৭ ফেব্রুয়ারি ক্যানাবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড ও ২ মার্চ মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।