গভর্নর ফজলে কবিরের মেয়াদ সাড়ে তিন মাস বাড়ল

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে ফজলে কবিরের মেয়াদ প্রায় সাড়ে তিন মাস বাড়িয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০১৬ সালের ১৬ মার্চ চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর হিসেবে নিয়োগ পান ফজলে কবির। একই বছরের ২০ মার্চ তিনি গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন। সে হিসাবে আগামী ২০ মার্চ তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

গতকাল প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর অর্ডার নং ১০(৫) অনুযায়ী আগামী ২০ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (আগামী ৩ জুলাই) তার চুক্তির ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’ এ নিয়োগে চুক্তির আগের শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।