সেলফি ভয়ংকর

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ইমরান দেওয়ান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই সময় তার সঙ্গে থাকা আল-রাফি (১৬) নামের আরো এক জন শিক্ষার্থী আহত হয়েছে। ইমরান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলা কান্দাইলের দক্ষিণ পাড়ার শাহ আলম  দেওয়ানের ছেলে। আর আহত রাফি প্রবাসী কামাল মিয়ার ছেলে। দুই জনেই গোলা কান্দাইলের মুজিবুর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

গতকাল রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকরা ইমরানকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পুলিশ পরিদর্শক মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িল বিশ্বরোড রেললাইনে একটি ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত ছাত্র একই হাসপাতালে চিকিত্সাধীন আছে।  নিহত ইমরানের চাচা আল আমিন দেওয়ান জানান, সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় তার ভাতিজা ইমরান। এরপর তার বন্ধুদের মাধ্যমে খবর পান ইমরান ও তার এক বন্ধু দুর্ঘটনায় আহত হয়েছে।      খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন যে ইমরান ও রাফিসহ পাঁচ জন বন্ধু একসঙ্গে ঘুরতে বের হয়েছে। কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেন আসার সময় রাফি সেলফি তুলছিল, আর পেছনে দাঁড়িয়েছিল ইমরান। এ সময় ট্রেনের ধাক্কায় দুই জনে আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা দুই জনকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে  যায়।