জয়পুরহাটে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল হামলা, গ্রেফতার-২

সদর উপজেলার আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানায়, আটক ২ জন হচ্ছে কেন্দুলী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে গোলাম মস্তোফা (৪৫) ও পাশের তেঘরা দন্ডপানি গ্রামের দেলোয়ার হোসেনর ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২৫)। রবিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের কেন্দুলী বাজার সংলগ্ন তিন মাথা মোড়ে আওয়ামী লীগ নৌকা প্রতীকের নির্বাচনী অফিস স্থাপন করা হয়। শনিবার রাতে দুর্বৃত্তরা ককটেল হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ছয়টি ককটেলের খোসা উদ্ধার করে বলে জানান, জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক।

এ ঘটনায় ওই রাতেই স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। পুলিশ রবিবার রাতে ওই ২ জনকে গ্রেফতার করে।

অপরদিকে সদরের পুরানাপৈল ইউনিয়ন পরিষদের সংলগ্ন বাজারের স্থাপন করা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে রবিবার রাত ১০টায় ককটেল হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘরে থাকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ সকল আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু ককটেলের খোসা উদ্ধার করেছে বলে জানান জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।

আরও পড়ুনঃ ফেনী-২: সবার ধারণা হেভি ওয়েট দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে

অফিসের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী বলেন, রোববার রাত ১০টার সময় মোটরসাইকেলে আসা ৪ জন গান পাউডার জাতীয় পদার্থ ছিটিয়ে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা ককটেলের বিষ্ফোরণ ঘটান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, ওসি সিরাজুল ইসলাম। 

ইত্তেফাক/নূহু